বাংলাদেশে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ - The News Lion

বাংলাদেশে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২


বাংলাদেশ প্রতিনিধি ; বাংলাদেশের জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক


 শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গেট খোলা রেখে ঘুমিয়ে ছিলেন গেটম্যান। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির জানিয়েছেন।


 নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, বাস চালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চক বিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানী নগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু।


 এছাড়া আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে, পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস। 


 প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল।


 ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘রেলক্রসিং পার হওয়ার সময় বাস-ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও ২ জন মারা যান। আহত হন ৫ জন। ’


 জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.